Zehaal-e-Miskeen Makun Taghaful
যে-হাল-এ মিসকীন মকুন তাগাফুল
বিখ্যাত সুফি সাধক, কবি এবং সঙ্গীতজ্ঞ হযরত আমীর খসরু (১২৫৩–১৩২৫ খ্রি.)র এক দ্বিভাষিক অমর সৃষ্টি। সপ্তদশ শতকের সুফি সঙ্গীতের কথা উঠলেই যে গানটি সাতশত বছর ধরে দক্ষিণ এশিয়ার মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়ে আসছে, সেটি হলো—“যে-হাল-এ মিসকীন মকুন তাগাফুল” (Zehaal-e-Miskeen Makun Taghaful)। আমির খসরু যখন এই গজলটি রচনা করেন, তখন দিল্লির সালতানাতে ফার্সি ছিল রাজদরবার ও অভিজাতদের ভাষা, আর সাধারণ মানুষের মুখের ভাষা ছিল ‘হিন্দভি’ বা ‘ব্রজভাষা’। পরবর্তীতে গজলটি ১৯৮৫ সালের ‘গুলামি’ সিনেমায় ব্যবহার করা হয়েছিল।
১.
যে-হাল-এ মিসকীন মকুন তাগাফুল দূরায়ে নয়না বানায়ে বতিয়া
কি তাব-এ হিজরাঁন নাদারম এ্যায় জান না লহূ কাহে লাগায়ে ছাতিয়া
বঙ্গানুবাদ:
(হে প্রিয়!) আমার এই অসহায় ও মলিন অবস্থার দিকে একটু নজর দাও, এভাবে চোখ ফিরিয়ে নিয়ে মিষ্টি কথায় আমায় অবহেলা কোরো না। বিরহের এই তীব্র জ্বালা হে আমার জীবন (প্রিয়তম), আমি আর সহ্য করতে পারছি না; তুমি কেন আমায় বুকে জড়িয়ে নিচ্ছ না?
২.
শবান-এ হিজরাঁন দরাজ চু জুলফ ও রোজ-এ বসলাত চু উমর-এ কুতাহ
সখী পিয়া কো যো ম্যায় না দেখুঁ তো ক্যায়সে কাটুঁ অন্ধেরি রতিয়া
বঙ্গানুবাদ:
(তোমার থেকে) দূরে থাকার এই বিরহের রাত যেন তোমার দীর্ঘ কালো চুলের মতোই অন্তহীন; আর আমাদের মিলনের দিনটি মানুষের ক্ষণস্থায়ী জীবনের মতোই ছোট। ওগো সখী! আমি যদি আমার সেই প্রিয়তমকে দেখতেই না পাই, তবে এই অন্ধকার রাতগুলো আমি একা কীভাবে পার করব?
৩.
ইয়াকায়াক অজ দিল দো চশ্ম জাদূ বা-সদ ফারেবম বা-বুর্দ তস্কি
কিসে পাড়ী হ্যায় যো যা শুনাবে পিয়ারী পী কো হামারি বতিয়া
বঙ্গানুবাদ:
হঠাৎ করেই তাঁর ওই দুটি মায়াবী চোখ শতরকম ছলনায় আমার মনের সমস্ত শান্তি কেড়ে নিয়েছে। এখন কার এমন দায় পড়েছে যে আমার প্রিয়তমার কাছে গিয়ে আমার এই মনের ব্যাকুলতার কথাগুলো শুনিয়ে আসবে?
৪.
চু শম-এ সোযাঁ চু জর্রা হ্যায়রাঁ জে মেহর-এ আঁ-মাহ বাগশতম আখির
না নীন্দ ন্যায়না না অঙ্গ চ্যায়না না আপ আভে না ভেজে পতিয়া
বঙ্গানুবাদ:
সেই চাঁদের মতো সুন্দর প্রিয়তমের প্রেমে আমি মোমের মতো পুড়ছি, ধূলিকণার মতো দিশেহারা হয়ে অবিরত কাঁদছি। এখন না চোখে কোনো ঘুম আছে, না মনে কোনো শান্তি আছে; সে নিজেও আসে না, আর কোনো চিঠিপত্রও পাঠায় না।
৫.
বা-হক্ক-এ রোজ-এ বিসাল-এ দিলবর কি দাদ মারা গরীব ‘খুসরব’
সপীত মন কে বরায়ে রাখুঁ যো যা কে পাঁউঁ পিয়া কি খাতিয়া
বঙ্গানুবাদ:
প্রিয়তমের সাথে মিলনের পবিত্র দিনের দোহাই, যিনি গরিব খসরুকে ধন্য করেছেন! যদি কোনোভাবে সেই প্রিয়তমের সান্নিধ্য পাই, তবে এই সমর্পিত মন তাঁর চরণে বিলিয়ে দেব।
বঙ্গানুবাদ- ইকবাল হাসিব
















